বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : অসম পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নবজিৎ দাসের মৃত্যুর পেছনে মাদক মাফিয়ার যোগসূত্র থাকার বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। ডিমা হাসাও জেলায় কর্তব্যরত নবজিৎ দাস গত ১৪ আগস্ট এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান। সোমবার দিসপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন।
জানা গেছে, গত শুক্রবার ডিমা হাসাও জেলায় নিয়মিত নাকা তল্লাশির সময় AS-02-AJ-4335 নম্বরের একটি গাড়ি পুলিশ আধিকারিক নবজিৎ দাসকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত নবজিৎ দাসকে হাফলং অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা জানান, পুলিশ আধিকারিকের মৃত্যুর সঙ্গে মাদক ব্যবসায়ীদের যোগসূত্র থাকার বিশ্বাসযোগ্য তথ্য পুলিশের হাতে এসেছে। ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে আরও দুই অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও জানান, মায়ান্মার থেকে অসমে মাদক পাচার চলছে। এই অবৈধ পাচার বন্ধ করতে রাজ্য সরকার কঠোর অভিযান চালাচ্ছে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারও অসমকে প্রয়োজনীয় সহযোগিতা করছে বলে তিনি উল্লেখ করেন। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, মাত্র তিন দিন আগে গুয়াহাটিতে পঞ্জাবে মাদক পাচারের জন্য সক্রিয় একটি মাদক কার্টেল ধ্বংস করা হয়েছে। পুলিশের অভিযান এড়াতে পাচারকারীরা মাদক পাচারের রুট পরিবর্তন করছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মৃত পুলিশ আধিকারিক নবজিৎ দাস ওদালগুড়ির স্থায়ী বাসিন্দা ছিলেন। পুলিশ বিভাগে একজন নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তিনি সহকর্মীদের মধ্যে পরিচিত ছিলেন।



