শ্রীভূমিতে যুব আপদা মিত্রদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় শ্রীভূমি জেলার কলেজ পড়ুয়াদের নিয়ে যুব আপদা মিত্রদের সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হল মঙ্গলবার। সোনাই শহরের সদ্ভাবনা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ চলাকালীন আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের বিভিন্ন ধরনের দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে প্রশাসনকে কীভাবে সহযোগিতা করতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি উদ্ধারকাজ, প্রাথমিক পদক্ষেপ এবং দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রশিক্ষণ ও প্রদর্শনের মাধ্যমে শেখানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রজেক্ট অফিসার শামিম আহমদ লস্কর, এনডিআরএফের ইন্সপেক্টর অজয়কুমার যাদব এবং সোনাই ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়াই বিএম সিংহা। তাঁরা দুর্যোগের সময় স্বেচ্ছাসেবকদের দায়িত্ব, সতর্কতা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সোনাই সার্কেলের ফিল্ড অফিসার বিপ্রজিৎ পাল চৌধুরী। প্রশিক্ষণ কর্মসূচিতে কলেজ পড়ুয়া যুব আপদা মিত্রদের সক্রিয় অংশগ্রহণ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *