বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : মণিপুরের অশান্ত পরিস্থিতির কারণে গত প্রায় এক মাস ধরে শিলচর-মণিপুর জাতীয় সড়কে আটকে রয়েছে হাজার হাজার পণ্যবাহী ট্রাক। দীর্ঘদিন ধরে আটকে থাকায় চরম সমস্যার মধ্যে রয়েছেন ট্রাকচালকরা। এ অবস্থায় এক চালকের মৃত্যু হলে মণিপুর সরকার কড়া নিরাপত্তার মধ্যে বেশ কয়েকটি ট্রাক নিয়ে যায়। আর এমন সুযোগে কিছু অসাধু নিরাপত্তা কর্মী সীমান্ত পার করে দেওয়ার নামে ট্রাকচালকদের কাছ থেকে টাকা আদায় করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।
চালকদের অভিযোগ, গত ১৬ আগস্ট রাতে বাঁশকান্দি উজান তারাপুর এলাকায় নিরাপত্তা কর্মীরা সড়কে আটকে থাকা ট্রাকগুলির কাছে গিয়ে সীমান্ত পার করে দেওয়ার আশ্বাস দেন। এর বিনিময়ে প্রতিটি ট্রাক থেকে ২ হাজার টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ। প্রায় ৪০ থেকে ৫০টি ট্রাক থেকে এভাবে টাকা আদায় করা হয়েছে বলে দাবি চালকদের।
দীর্ঘদিন আটকে থাকার কারণে দ্রুত মণিপুরে পৌঁছানোর আশায় চালকরা টাকা দিতে বাধ্য হন বলে জানান। কিন্তু টাকা দেওয়ার পর জিরিঘাট সীমান্তে পৌঁছালেও সেখানকার পুলিশ ট্রাকগুলিকে আটকে দেয় এবং সীমান্ত পার হতে দেয়নি।
ঘটনায় ক্ষুব্ধ ট্রাকচালকরা সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে ট্রাকচালকদের তোলা এই অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।



