বরাক তরঙ্গ, ১০ আগস্ট : ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে অসম ও মণিপুরে একাধিক দেশাত্মবোধক ও জনসংযোগমূলক কর্মসূচির আয়োজন করল আসাম রাইফেলস। এই কর্মসূচির মাধ্যমে জওয়ান, তাঁদের পরিবার, শিক্ষার্থী এবং স্থানীয় মানুষের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দেশের প্রতি গর্ববোধ আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়। এই উদ্যাপনের অংশ হিসেবে ‘বন্দে মাতরম’-এর ইতিহাস ও তাৎপর্য নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর সমবেতভাবে ঐতিহাসিক এই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
শ্রীকোণায় কেভি ওএনজিসি-র শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে শিল্পীরা নিজেদের সৃজনশীলতার মাধ্যমে দেশপ্রেমের ভাবনা তুলে ধরে।

এদিকে, ফাইলেংথাং, বড়বেকরা এলাকায় স্কুলপড়ুয়াদের নিয়ে পোস্টার তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘বন্দে মাতরম’-এর সঙ্গে যুক্ত দেশপ্রেম, ঐক্য ও জাতীয় সংহতির মূল্যবোধকে সৃজনশীলভাবে তুলে ধরতে উৎসাহিত করা হয় পড়ুয়াদের। তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জিরিবামের উচাথোলের নিউ লাইফ অ্যাকাডেমি স্কুলের শিক্ষার্থীদের জন্য ভারতের স্বাধীনতা আন্দোলনে ‘বন্দে মাতরম’-এর গুরুত্ব নিয়ে একটি বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়।

অন্যদিকে, সম্মিলিত জাতীয় চেতনার প্রকাশ ঘটাতে সিআরপিএফ ও সিভিল প্রশাসনের সহযোগিতায় কদমতলায় ‘তিরঙ্গা র্যালি’র আয়োজন করা হয়।
এই সমস্ত কর্মসূচির মাধ্যমে অসম রাইফেলস সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও জাতীয় সংহতির আদর্শকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।



