বরাক তরঙ্গ, ৭ মে : কেদারনাথ দর্শনে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন এক তরুণী। মৃতের নাম পাপরি ডেকা। তিনি অসমের মরিগাঁও জেলার দলংঘাট এলাকার বাসিন্দা ছিলেন। বন্ধু-বান্ধবীদের সঙ্গে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে কেদারনাথে গিয়েছিলেন পাপরি। বৃহস্পতিবার সকালে পাপরির মরদেহ নিজ বাড়িতে পৌঁছাতেই গোটা এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
এ দিকে, স্থানীয় সামাজিক রীতি মেনে মৃত্যুর পরও হবু স্বামী জ্যোতিপ্রসাদ দত্ত পাপরির সিঁথিতে সিঁদুর পরিয়ে শেষ বিদায় জানান। এই দৃশ্য উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। তরুণীর অসময়ে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকার মানুষ।
জানা গেছে, কেদারনাথ যাওয়ার পথে শ্বাসকষ্টজনিত সমস্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর গত ৪ মে কেদারনাথ থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁর মৃত্যু হয়। এই আকস্মিক ঘটনায় পরিবার-পরিজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
হৃদয়বিদারক বিষয় হল, আগামী ডিসেম্বর মাসেই পাপরি ডেকার বিয়ে হওয়ার কথা ছিল। গুয়াহাটির জ্যোতিপ্রসাদ দত্তের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু বিয়ের আর মাত্র কয়েক মাস বাকি থাকতেই অকালে ঝরে গেল তরুণীর প্রাণ।



