উনিশের চেতনা নিয়ে ইউকেপি স্কুলে আলোচনা সভা খোঁজের

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মে : উনিশে মে ভাষা শহিদ দিবসকে সামনে রেখে মঙ্গলবার খোঁজ শিলচরের উদ্যোগে ইউকেপি স্কুলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ১৯ মে-র ঐতিহাসিক তাৎপর্য ও ভাষা আন্দোলনের ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের অধ্যক্ষ পরিতুষ চন্দ্র দত্ত, ডিএসএ-র সহ-সাধারণ সম্পাদক অরিজিৎ গুপ্ত, নীলউৎপল ধর চৌধুরী প্রমুখ। বক্তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলন এবং ১৯ মে-র শহিদদের আত্মত্যাগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এছাড়াও বক্তব্য রাখেন সুরজিৎ সোম, কামাল লস্কর এবং ইউকেপি স্কুলের এমডি বনি মজুমদার। তাঁরা বলেন, আগামী প্রজন্মের কাছে উনিশের চেতনা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে এ ধরনের উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।

খোঁজ শিলচরের সাধারণ সম্পাদক সজল লস্কর তাঁর বক্তব্যে বলেন, “১৯ মে-র ১১ জন ভাষা শহিদকে আমরা কখনও ভুলব না। তাঁদের আত্মবলিদানের কারণেই আজ আমরা গর্বের সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে পারছি। বাংলা ভাষার এই মর্যাদা তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত।”

দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ইউকেপি স্কুলের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এই সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ১১ জন ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
জানা গেছে, আগামী ১৯ মে ইউকেপি স্কুল থেকে একটি শোভাযাত্রা বের করা হবে, যাতে খোঁজ শিলচর অংশ নেবে। পাশাপাশি সংস্থার উদ্যোগে আরও পাঁচটি স্কুলে উনিশের চেতনা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জানান ইউকেপি স্কুলের এমডি বনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *