মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ মে : উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামির পরিচালিত সবাহি মক্তব ফাইনাল পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দের জোয়ার বইছে অসম-ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলি অঞ্চলে। বিভিন্ন সবাহি মক্তবের ছাত্রছাত্রীরা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে এলাকার শিক্ষাক্ষেত্রে নতুন গৌরব এনে দিয়েছে। বিশেষ করে কাঁঠালতলি আঞ্চলিক এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরের অধীন বাঘন পরীক্ষা কেন্দ্রে শতভাগ পাশের হার অর্জিত হওয়ায় এলাকাজুড়ে খুশির আবহ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এ বছর বাঘন পরীক্ষা কেন্দ্রে মোট ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং সকলেই বিভিন্ন বিভাগে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়। শতভাগ সাফল্যের এই ফলাফলকে ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক, মোয়াল্লিম ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
কাঁঠালতলি বাজার সবাহি মক্তব থেকে একমাত্র পরীক্ষার্থী মরিয়ম সুলতানা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে মক্তব ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। বাঘন ইদগাহ সবাহি মক্তবের ৪ জন পরীক্ষার্থীই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। পশ্চিম কাঁঠালতলি মসজিদে নুর সবাহি মক্তবের ৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন প্রথম বিভাগে এবং ১ জন দ্বিতীয় বিভাগে পাশ করেছে।
এছাড়াও বালিছড়াপার দারুল আমন সবাহি মক্তবের ৪ জন পরীক্ষার্থীই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। দারুস সাকাফাতিল ইসলামিয়া কাঠালতলি সবাহি মক্তবের ৭ জন পরীক্ষার্থীর সবাই সফল হয়েছে, যার মধ্যে ৪ জন প্রথম বিভাগে এবং ৩ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। হাফিজাবাদ সবাহি মক্তবের ৩ জন পরীক্ষার্থী ও দক্ষিণ বাঘন সবাহি মক্তবের ২ জন পরীক্ষার্থীই প্রথম বিভাগে পাশ করেছে।
উত্তর জগাউরা সবাহি মক্তবের ৫ জন পরীক্ষার্থী সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে উত্তর কাঁঠালতলি সবাহি মক্তবের ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন প্রথম বিভাগে, ২ জন দ্বিতীয় বিভাগে এবং ২ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে।
এই সাফল্যে আনন্দ প্রকাশ করে কাঠালতলি আঞ্চলিক নদওয়ার সভাপতি শিক্ষাবিদ আব্দুস সালাম এবং সম্পাদক মওলানা মুজির উদ্দিন উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ গঠনে সবাহি মক্তব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ছাত্রছাত্রীদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ খুলে দেবে।
আঞ্চলিক নদওয়ার সম্পাদক মাওলানা মুজির উদ্দিন জানান, এ বছর নতুন পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলেও ছাত্রছাত্রীরা দক্ষতার সঙ্গে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। তিনি আরও জানান, কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জানাতে খুব শিগগিরই আঞ্চলিক নদওয়ার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সবাহি মক্তব ফাইনাল পরীক্ষার এই শতভাগ সাফল্য গোটা কাঠালতলি এলাকার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। এলাকার শিক্ষাপ্রেমি মহলের মতে, এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে আরও উৎসাহ জোগাবে।



