প্রেস স্টিকার ও ভুয়া পরিচয়ে গাঁজা পাচার, আটক বিহারের দুই যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মে : গাড়িতে ‘প্রেস’ স্টিকার এবং গলায় ভুয়া প্রেস কার্ড ঝুলিয়ে সাংবাদিক পরিচয়ে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। রবিবার ত্রিপুরার ধলাই জেলার কমলপুর থানার অধীন দুর্গা চৌমুহনী পয়েন্টে পুলিশের তল্লাশিতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়।

জানা গেছে, বিহারের বাসিন্দা দুই যুবক AS-15J-8566 নম্বরের একটি টয়োটা ইনোভা গাড়িতে করে আগরতলা থেকে বিহারের উদ্দেশে রওনা হয়। গাড়িতে ‘প্রেস’ স্টিকার লাগানো ছিল এবং দুই যুবকের গলায় প্রেস কার্ড ঝুলছিল। সাংবাদিক পরিচয় ব্যবহার করে তারা পথে একাধিক চেক পয়েন্ট অতিক্রম করলেও কমলপুরের দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে পুলিশের সন্দেহের মুখে পড়ে। তল্লাশির সময় গাড়ি থেকে মোট ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এরপরই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, তারা প্রকৃতপক্ষে সাংবাদিক নন। উদ্ধার হওয়া একটি প্রেস কার্ডে ‘দীপক কুমার’ নাম এবং একটি সংবাদপত্রের পরিচয়পত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, কমলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন আচার্য, এসআই দেবব্রত দত্ত-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের উপস্থিতিতেই গাড়িতে বিস্তারিত তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে মাদক পাচার ও ভুয়া পরিচয় ব্যবহারের অভিযোগে মামলা রুজু করার প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *