মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩১ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্ব সম্প্রচারের পর পাথারকান্দি বিধানসভা এলাকায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। পাথারকান্দি মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন পাথারকান্দির বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, শিক্ষাই জাতির অগ্রগতির প্রধান ভিত্তি এবং শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্বের মূল শক্তি। মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যারা সাফল্য অর্জন করেছে, তারাই ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠবে। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করার আহ্বান জানান।

কৃষ্ণেন্দু পাল আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। নতুন জাতীয় শিক্ষা নীতি, ডিজিটাল শিক্ষার প্রসার এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। একইসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ও করা হয়। উচ্চশিক্ষা, কর্মজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরে শিক্ষার্থীরা। উপস্থিত অতিথিরা তাঁদের স্বপ্নপূরণে সহযোগিতার আশ্বাস দেন।
শুধু মণ্ডল কার্যালয়েই নয়, ১২৫ নং পাথারকান্দি বিধানসভার প্রতিটি বুথ পর্যায়েও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। এই উদ্যোগে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমহলে উৎসাহের সঞ্চার হয়েছে। এলাকার সচেতন নাগরিকদের মতে, মেধার যথাযথ স্বীকৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে।



