রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জুন : মাদকবিরোধী অভিযানে সোনাই রোডের নাগাটিলা এলাকা থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১০টি সাবানের কেসে লুকিয়ে রাখা মোট ১২৩ গ্রাম সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুই মহিলার পরিচয় সুহানা বেগম লস্কর (৩৮) ও মানোয়ারা বেগম লস্কর (৪১) হিসেবে জানা গেছে। সুহানার স্বামী কবির হোসেন লস্কর এবং মানোয়ারার স্বামী নুর মোহাম্মদ লস্কর। উভয়ের বাড়ি সোনাই দক্ষিণ মোহনপুর সপ্তম খণ্ড এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে নাগাটিলা এলাকায় অভিযান চালিয়ে দুই মহিলাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০টি সাবানের কেসে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১২৩ গ্রাম সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এনডিপিএস আইনের বিধান অনুসারে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই মহিলার বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।


