দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জুন : শিলচর স্পোর্টিং ক্লাবের ৯০তম বর্ষপূর্তি তথা গ্রেনাইট জুবিলি উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে ক্লাবের আলোচনা কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ডাঃ অনুপ কুমার রায়, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান, সহ-সভাপতি বাবুল হোড়, কমলেশ দাসসহ অন্যান্য কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে সভাপতি ডা. অনুপ কুমার রায় জানান, আগামী ১৪ জুন থেকে গ্রেনাইট জুবিলি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হবে। এই উপলক্ষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মহিলা ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আকর্ষণীয় কার্যক্রম।
অনুষ্ঠানে সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ১১৫ বার রক্তদানকারী রাজেন্দ্র জৈন এবং ৮৯ বার রক্তদানকারী বিভাস রায়কে বিশেষভাবে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হবে বলেও তিনি জানান।
ডাঃ রায় বলেন, শিলচর স্পোর্টিং ক্লাব এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান। নানা প্রতিকূলতা সত্ত্বেও ক্লাবটি দীর্ঘদিন ধরে খেলাধুলার প্রসার এবং প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ৯০ বছরের এই গৌরবময় পথচলাকে স্মরণীয় করে তুলতেই গ্রেনাইট জুবিলি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।



