২৫ জুন : ৭ মাত্রার বেশি শক্তিশালী দুটি ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩২ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন ৭০০ জনেরও বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানী কারাকাসসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন শহর ও উপকূলীয় অঞ্চলে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে সংঘটিত এই দুই কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু ভবন ধসে পড়েছে।



