দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

Spread the news

৯ নভেম্বর : মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন। রবিবার এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়। পৃথক এক বিবৃতিতে পরিবহন মন্ত্রণালয় জানায়, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় দুর্ঘটনাটি ঘটে। ট্রেন দুটির একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। অন্যটি আসওয়ান প্রদেশের উদ্দেশে রওনা হয়েছিল। আসওয়ানগামী ট্রেনটির শেষ বগির সঙ্গে ফায়ুমগামী ট্রেনটির সংঘর্ষ হয়।

রবিবার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, দুর্ঘটনার তদন্তে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, একই লাইনে একই দিকে চলতে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুম ট্রেনের সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

গত সেপ্টেম্বরে একই জেলার কাছে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এক চালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন। মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল ২০০২ সালে। সে সময় কায়রো থেকে দক্ষিণ মিসরের দিকে যাওয়া একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *