তামিলনাড়ুতে ঝুলন্ত ফল, সমর্থনের খোঁজে বিজয়

Spread the news

৫ মে : তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ফল করেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়ের দল টিভিকে। তবে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসে সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে তারা। এই পরিস্থিতিতে সমর্থন জোগাড় করতে বাম দল ও কংগ্রেস-সহ একাধিক ছোট দলের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন বিজয় বলে সূত্রের খবর।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ২৩৪ আসনের বিধানসভায় টিভিকে একাই ১০৮টি আসন দখল করেছে, যা সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ১১৮ থেকে কিছুটা কম। অন্যদিকে, কংগ্রেস-ডিএমকে জোট পেয়েছে ৭৩টি আসন এবং এআইএডিএমকে জোটের ঝুলিতে গেছে ৫২টি আসন।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, সরকার গঠনের লক্ষ্যে বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে), সিপিএম, সিপিআই, কংগ্রেস এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)-এর মতো দলগুলির সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা করছে টিভিকে নেতৃত্ব। খুব শীঘ্রই এই দলগুলিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হতে পারে।
উল্লেখ্য, কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিএম এবং আইইউএমএল বর্তমানে ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স (এসপিএ)-এর অংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কংগ্রেস পেয়েছে ৫টি আসন, আর আইইউএমএল, সিপিআই, সিপিএম ও ভিসিকে প্রত্যেকেই জিতেছে ২টি করে আসন।

এই পরিস্থিতিতে যদি বাম-কংগ্রেস ও অন্যান্য ছোট দলগুলি টিভিকের পাশে দাঁড়ায়, তাহলে তামিলনাড়ুতে সরকার গঠনের পথ অনেকটাই সহজ হয়ে যাবে বিজয়ের জন্য। সেই ক্ষেত্রে দ্রাবিড়ভূমে আবারও এক অবিজেপি সরকারের সম্ভাবনা জোরালো হচ্ছে।

জাতীয় রাজনীতিতেও এই ফলাফল ব্যাপক আলোড়ন ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন নজর বিজয়ের পরবর্তী রাজনৈতিক কৌশল এবং জোট সমীকরণের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *