৯ নভেম্বর : পশ্চিমবঙ্গের রায়গঞ্জে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে হত্যার অভিযোগে অভিযুক্ত মূল আসামি দিলীপ রায় পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ। অভিযোগ, পুলিশের গাড়ি দেখতে পেয়ে অভিযুক্ত পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় দিলীপ রায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর রায়গঞ্জ থানায় ১৪৩৯/২৬ নম্বরে একটি মামলা নথিভুক্ত করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ১৪০(৩), ১০৩(১) ও ২৩৮ ধারার পাশাপাশি পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছিল। এই মামলাতেই দিলীপ রায়ের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণ করে হত্যার অভিযোগ ওঠে।
পুলিশের দাবি, ৯ নভেম্বর ভোররাতে গৌরী গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় অভিযুক্তের আত্মগোপন করে থাকার খবর পাওয়া যায়। সেই সূত্র ধরে ভোর প্রায় সাড়ে ৩টা নাগাদ এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এর জবাবে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় দিলীপ রায়।

এরপর তাকে উদ্ধার করে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, দু’দিন ধরে নিখোঁজ থাকার পর গত শুক্রবার রায়গঞ্জের একটি জঙ্গলের ভিতর থেকে উদ্ধার হয় ১২ বছর বয়সি ওই নাবালিকার অর্ধগলিত দেহ। উদ্ধারের সময় দেহটি নগ্ন অবস্থায় ছিল বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল প্রায় ৪টা নাগাদ সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল নাবালিকাটি। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রায়গঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই নাবালিকার সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ।

পরবর্তীতে শুক্রবার সকালে একটি জঙ্গলের ভিতরে নাবালিকার দেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পরিবারের সদস্যরা। তাঁরাই দেহটি শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নাবালিকাকে ধর্ষণ ও হত্যার এই নৃশংস ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছিল। আর এবার মামলার মূল অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



