বন্যহাতির হামলায় প্রাণ গেল দু’জনের

Spread the news

বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : লোকালয়ে ঢুকে পড়া এক বন্যহাতির হামলায় ঢেকিয়াজুলি এলাকায় দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন রহমত আলি ও গণেশ তপ্প। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলিতে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি একাকী বন্যহাতি লোকালয়ের দিকে চলে আসে। আচমকাই হাতিটির মুখোমুখি হন দুই ব্যক্তি। এরপর হাতিটি তাঁদের ওপর হামলা চালালে গুরুতরভাবে আহত হন তাঁরা। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গেছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হাতিটি ওরাং জাতীয় উদ্যানের দিক থেকে বেরিয়ে এসে লোকালয়ে প্রবেশ করেছিল। খাদ্যের সন্ধান কিংবা অন্য কোনও কারণে হাতিটি বনাঞ্চল ছেড়ে জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়েছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

পিরাকাটা ও রতনজুলি গ্রামের পৃথক এলাকায় দু’টি হামলার ঘটনা ঘটে। পরপর দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বনাঞ্চল সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষজন বন্যহাতির গতিবিধি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *