ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে প্রায় ১,৫০০, নিখোঁজ হাজারো মানুষ

Spread the news

২৯ জুন : ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, প্রাণহানির সংখ্যা প্রায় ১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষকে উদ্ধারে দেশি-বিদেশি উদ্ধারকারী দল দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা রাজ্য। সেখানে শত শত ভবন ধসে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৭৭৪টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। তাই উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাসের উপযোগী কি না, তা যাচাই করতে সরকার একটি বিশেষ কমিশন গঠন করেছে। সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৩ হাজার ১৫০ জন আহত হয়েছেন এবং অন্তত ১২ হাজার ৭২১ জন বাস্তুচ্যুত হয়েছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার ধসে পড়া একটি ভবনের নিচ থেকে এক বাবা ও তাঁর ছেলেকে জীবিত উদ্ধার করার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন অল্প সময়ের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সময় ও অবস্থানের দিক থেকে কাছাকাছি হওয়ায় বিশেষজ্ঞরা এ ঘটনাকে ‘যুগ্ম ভূমিকম্প’ হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে, বিরোধীদল-সমর্থিত একটি ওয়েবসাইটের দাবি, এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এদিকে, একের পর এক আফটারশক বা অনুকম্পন অব্যাহত থাকায় উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *