বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : আধুনিক ত্রিপুরার রূপকার তথা প্রগতিশীল শাসক প্রয়াত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মজয়ন্তী বুধবার রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়। রাজধানী আগরতলায় জিরো পয়েন্ট ও রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত মূল অনুষ্ঠানে অংশ নিয়ে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।
জিরো পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্তসহ পুরনিগমের অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা মহারাজার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর উন্নয়নমুখী আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। পরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, মহারাজা বীর বিক্রম ছিলেন দূরদর্শী ও প্রগতিশীল শাসক। তাঁর উন্নয়নমুখী চিন্তাভাবনা এবং দূরদর্শী পরিকল্পনাই আধুনিক ত্রিপুরার শক্ত ভিত গড়ে দিয়েছিল।

মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা ও নগর পরিকল্পনাসহ বিভিন্ন ক্ষেত্রে মহারাজার যুগান্তকারী উদ্যোগ ত্রিপুরার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে আজও অনুপ্রেরণা জোগায়।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ড. সাহা জানান, বর্তমান রাজ্য সরকার মহারাজা বীর বিক্রমের প্রগতিশীল চিন্তা ও আদর্শকে সামনে রেখেই ত্রিপুরার সার্বিক উন্নয়নে কাজ করছে। পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে মহারাজার ইতিহাস, অবদান ও দূরদর্শী নেতৃত্ব তুলে ধরার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।



