বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : মেঘালয়ের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক হৃদয়বিদারক ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন শ্রীভূমি জেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা বছর ৪৫ এর রিয়াজ উদ্দিন। জানা যায়, সোমবার সন্ধ্যায় তিনি একটি ইকো ভ্যানে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। আসার পথে এক করুণ ঘটনা ঘটে। উমকিয়াং বাজার পেরিয়ে কিছুদূর গলাচিপায় পৌঁছার পর আচমকাই ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ভ্যানটির উপর ছিঁড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ভ্যানে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ঘটে। পাশাপাশি চালকের আসনে বসে থাকা ব্যক্তিও জ্বলতে দেখা যায়। সূত্রে জানা যায় দু’জনের মৃত্যু ঘটে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।
আরও জানা যায়, মাহমুদপুরের রিয়াজ উদ্দিন মেঘালয়ের বিভিন্ন কাজে নিয়োজিত শ্রমিকদের ঠিকাদার ছিলেন। তিনি মেঘালয়ের মঙ্গিহাটে ভাড়াটে হিসেবে থাকতেন। মাহমুদপুরে তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে।

এ দিকে, জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ইকো ভ্যানটি শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের বাজরবন্দ এলাকার। এ মর্মান্তিক ঘটনায় মাহমুদপুরে শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।



