বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : জিহাদি সংগঠনের সঙ্গে যোগসূত্রের সন্দেহে রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মঙ্গলবার রাজ্যের প্রায় ১০টি স্থানে একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে বরপেটা জেলা থেকে তিনজনকে আটক করেছে NIA।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, বরপেটারোড এলাকা থেকে মুস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে। এর আগে গত ১৪ মার্চ তাঁকে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) গ্রেফতার করেছিল বলে জানা গেছে। এছাড়া বরপেটার নিচুকা গ্রাম থেকে ইয়াকুব আলি এবং হাউলি এলাকা থেকে রকিবুল ইসলামকে আটক করা হয়েছে।
আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের সঙ্গে কোনও নিষিদ্ধ সংগঠন কিংবা জিহাদি চক্রের সরাসরি যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন নথি ও অন্যান্য সামগ্রীও পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।
রাজ্যের অন্যান্য স্থানেও একইসঙ্গে NIA-এর তল্লাশি অভিযান চলে। তবে অভিযানের বিস্তারিত তথ্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এখনও তদন্তাধীন বলে জানা গেছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে।



