মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : গোলের উচ্ছ্বাস, ফ্লাডলাইটের আলো নিভে গিয়ে খেলা বন্ধ, খেলোয়াড়দের মধ্যে বচসা ও হাতাহাতি—সব মিলিয়ে শুক্রবার শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) মাঠে কে সি পাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল হয়ে উঠল নাটকীয়তায় ভরপুর। টানটান উত্তেজনার এই ম্যাচে মিজোরামের শক্তিশালী আইজল এফসিকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল। অন্যদিকে, একাধিক গোলের সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের ব্যর্থতায় শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল আইজল এফসিকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে ইস্টবেঙ্গল। অভিজ্ঞতা ও আক্রমণের ধার দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে লাল-হলুদ শিবির। এরই ফল মেলে খেলার ১০ মিনিটে। ইস্টবেঙ্গলের স্ট্রাইকার মহম্মদ বিলাল দুরন্ত হেডারে বল জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ফের আক্রমণে ঝাঁপিয়ে পড়ে কলকাতার দল। ২০ মিনিটে ডি-বক্সের কাছ থেকে জোরালো শটে গোল করে ব্যবধান ২-০ করেন আকাশ। পরপর দুই গোল হজম করে চাপে পড়ে যায় আইজল এফসি।

পরিস্থিতির জেরে বিরতির পর প্রথমে দুই দলের খেলোয়াড়রাই মাঠে নামতে অনীহা প্রকাশ করেন। ফলে নির্ধারিত সময়েও শুরু করা যায়নি দ্বিতীয়ার্ধের খেলা। দীর্ঘ আলোচনার পর দুই দলের টিম ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদের হস্তক্ষেপে খেলোয়াড়দের মাঠে নামানো হয়। প্রায় ৩০ মিনিট অতিরিক্ত বিরতির পর ফের শুরু হয় খেলা। এদিকে, প্রথমার্ধের হাতাহাতির ঘটনায় রেফারি দুই দলের একজন করে মোট দুজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন। ফলে বাকি ম্যাচ দুই দলকেই ১০ জন করে খেলোয়াড় নিয়ে খেলতে হয়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের মরিয়া চেষ্টা চালায় আইজল এফসি। বিরতির পর মাঠে নেমে মাত্র দুই মিনিটের মাথায় ই কামপুই গোল করে ব্যবধান ২-১ করেন। এই গোলে নতুন করে আশার আলো দেখতে শুরু করে আইজল শিবির। সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় তারা। কিন্তু গোলের সামনে গিয়ে বারবার ফিনিশিংয়ের অভাবে সুযোগ নষ্ট করে মিজোরামের দলটি।

অন্যদিকে, অভিজ্ঞতার পরিচয় দিয়ে পাল্টা আক্রমণের অপেক্ষায় ছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত দূরপাল্লার শটে গোল করে দলের ব্যবধান ৩-১ করেন সঞ্জীব। তাঁর অসাধারণ শটে বল জালে জড়াতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ইস্টবেঙ্গল শিবির। এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় কলকাতার দল।
শেষ পর্যন্ত ব্যবধান কমাতে প্রাণপণ চেষ্টা করেও সফল হয়নি আইজল এফসি। ইস্টবেঙ্গলের রক্ষণভাগের দৃঢ়তা এবং নিজেদের গোলের সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতায় আর গোলের মুখ দেখেনি তারা। ফলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছে যায় ইস্টবেঙ্গল।

তবে ম্যাচের শেষ বাঁশি বাজার পরও উত্তেজনার অবসান ঘটেনি। খেলা শেষ হতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ফের বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবারও মাঠে হস্তক্ষেপ করতে হয় পুলিশ ও আধাসামরিক বাহিনীকে। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও এগিয়ে আসেন। তাঁদের তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।
এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার সঞ্জীব। তাঁর হাতে পুরস্কারস্বরূপ ট্রফি ও চেক তুলে দেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এবং তাঁর সহধর্মিণী।
ম্যাচ শেষে কড়া নিরাপত্তার মধ্যে দুই দলের খেলোয়াড়দের এসি বাসে করে টিম হোটেলে নিয়ে যাওয়া হয়।



