বরাকজুড়ে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ, সরকারি অর্থে নির্মিত রাস্তা-ঘাটের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন আমিনুর রশিদের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : বরাক উপত্যকাজুড়ে কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ না হলে সরকারি পরিকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। সরকারি অর্থে নির্মিত রাস্তা কয়েক মাসের মধ্যেই ভেঙে যাচ্ছে, বারবার সংস্কারের পরও স্থায়ী সমাধান মিলছে না। অন্যদিকে, ওভারলোড পণ্যবাহী যান চলাচল, বদরপুর ঘাটের মেরামতি, রাঙামাটিতে সুপারি ব্যবসার নামে অর্থ আদায় এবং সুপারি ও সেগুন কাঠ পরিবহণে অনিয়মের অভিযোগ ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী।

সম্প্রতি পূর্ত বিভাগের (পিডব্লিউডি) ১০ জন আধিকারিককে সাসপেন্ড করার ঘটনাকে কেন্দ্র করে সরকারি নির্মাণকাজের গুণমান ও প্রশাসনিক নজরদারি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিধায়কের প্রশ্ন, কেবল ১০ জন আধিকারিককে সাসপেন্ড করলেই কি দায়িত্ব শেষ? অনিয়মের নেপথ্যে থাকা মূল চক্র এবং প্রভাবশালীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে না কেন? তাঁর দাবি, নীচুতলার কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের পাশাপাশি গোটা ব্যবস্থার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

বিধায়কের অভিযোগ, অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের অবাধ চলাচলে বরাকের সড়কপথ দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্ধারিত ওজনসীমা লঙ্ঘন করে কীভাবে দিনের পর দিন এসব যান চলাচল করছে, তা নিয়ে পরিবহণ বিভাগ ও পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কোথাও আর্থিক লেনদেনের মাধ্যমে আইন লঙ্ঘনের সুযোগ করে দেওয়া হচ্ছে কি না, তাও তদন্তের দাবি জানিয়েছেন।

বিশেষভাবে বদরপুরের গ্যামন সেতু ও সংলগ্ন ঘাট এলাকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিধায়ক। তাঁর বক্তব্য, অসমের পাশাপাশি মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরার যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই পথের সংস্কার ও মেরামতিতে বছরের পর বছর বিপুল অর্থ ব্যয় হচ্ছে। অথচ কয়েক মাসের মধ্যেই ফের ক্ষয়ক্ষতি ও যান চলাচলের সমস্যা দেখা দিচ্ছে। মেরামতির কাজে ব্যবহৃত সামগ্রীর গুণমান, ঠিকাদারি সংস্থার ভূমিকা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে পূর্ণাঙ্গ আর্থিক অডিট ও প্রযুক্তিগত তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং সংশ্লিষ্ট মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন বিধায়ক।

এদিকে, শ্রীভূমি জেলার রাঙামাটি এলাকায় সুপারি ব্যবসাকে কেন্দ্র করে অর্থ আদায়ের অভিযোগও সামনে এনেছেন তিনি। বিধায়কের দাবি, স্থানীয় সুপারি ব্যবসায়ী ও গাড়িচালকদের কাছ থেকে প্রতিটি পণ্যবাহী গাড়ির জন্য ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। টাকা দিতে অস্বীকার করলে গাড়ি আটকে রাখার কথাও উল্লেখ করেন তিনি। কারা এই অর্থ আদায় করছে এবং এর সঙ্গে কোনও সরকারি কর্মী বা প্রতিষ্ঠানের যোগ রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন।

সুপারি ও সেগুন কাঠ পরিবহণের ক্ষেত্রেও বৈধ চালান, বন বিভাগের অনুমতিপত্র এবং প্রয়োজনীয় নথি ছাড়া যান চলাচলের অভিযোগ তুলেছেন বিধায়ক। সংশ্লিষ্ট বিভাগগুলিকে চেকপোস্টের রেকর্ড ও পরিবহণের নথি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

আমিনুর রশিদ চৌধুরীর বক্তব্য, পিডব্লিউডির ১০ আধিকারিকের সাসপেনশন গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও বরাকের বৃহত্তর সমস্যার সমাধানের জন্য তা যথেষ্ট নয়। প্রয়োজনে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে অভিযোগের শিকড় পর্যন্ত পৌঁছতে হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠী প্রভাবশালী হওয়ার কারণে যেন তদন্তের বাইরে না থাকে।

বিধায়কের এই বক্তব্য ঘিরে বরাকের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের দাবি, সরকারি অর্থে নির্মিত রাস্তা, সেতু ও অন্যান্য পরিকাঠামোর গুণগত মান নিশ্চিত করতে হবে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *