সাতেকদাইয়া এলাকায় বোলেরো দুর্ঘটনায় দূরদর্শন ও পিআইবির তিন কর্তার মৃত্যু, গুরুতর আহত গাড়িচালক

Spread the news

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : মিজোরামের সাতেক গ্রামের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দূরদর্শন ও প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র তিন কর্মীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন। সাতেক শাখা ইয়ং মিজো অ্যাসোসিয়েশন (ওয়াইএমএ)-র কাছ থেকে কুলিকাওয়ান থানায় পাওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা প্রায় ৬টা ১০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে এমজেড ০১ এম ৭৭৩০ নম্বরের একটি বোলেরো গাড়িতে করে চারজন কর্মী হ্মুইফাংয়ে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে আইজলে ফেরার পথে সাতেক এলাকার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে।

জানা গেছে, গাড়িটি রাস্তার স্তর থেকে ১০০ মিটারেরও বেশি গভীর খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে কুলিকাওয়ান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন পিআইবির ইম্ফল আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক ড. এনগাম পামে (আইআইএস), ডিডি নিউজ আইজলের পরিচালক নামপিবৌ মারিনমাই (আইআইএস) এবং সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন (সিবিসি), আইজলের এমটিএস কর্মী এইচ লিয়ানভেলা। দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি তথা গাড়িচালক গোজেন্দ্র দে গুরুতর আহত হয়েছেন। তিনি সিবিসি, আইজলের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় দূরদর্শন, পিআইবি ও সংশ্লিষ্ট সরকারি দফতরের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *