চন্দ্রনাথ খুনের ঘটনায় গ্রেফতার তিন

Spread the news

১১ মে : চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় বড় সাফল্য পেল তদন্তকারী দল। এই ঘটনায় জড়িত তিনজন শার্প শুটারকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে উত্তরপ্রদেশ এবং একজনকে বিহারের বক্সার জেলা থেকে আটক করা হয়। পরে কড়া নিরাপত্তায় তাদের কলকাতায় আনা হয়েছে। ভবানীভবনে রাতভর চলে জিজ্ঞাসাবাদ। সোমবার ধৃতদের বারাসত আদালতে তোলা হবে বলে জানা গেছে।

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। কারা এই হত্যার মূলচক্রী এবং কারা সুপারি দিয়েছিল, তা জানতে তদন্তকারীরা বিভিন্ন রাজ্যে অভিযান চালান। তদন্তে উঠে আসে, হামলাকারীরা পালানোর সময় বালি টোল প্লাজায় ইউপিআইয়ের মাধ্যমে টাকা পরিশোধ করেছিল। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তদন্তকারীরা উত্তরপ্রদেশে পৌঁছে যায় এবং সেখান থেকে দুই শার্প শুটারকে গ্রেপ্তার করে। পাশাপাশি বিহারের বক্সার জেলা থেকেও ধরা পড়ে আরও এক অভিযুক্ত।

জানা গেছে, ইউপিআই পেমেন্ট এবং সিসিটিভি ফুটেজ এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। হত্যার পর আততায়ীরা একটি গাড়িতে করে পালানোর সময় টোল প্লাজায় ডিজিটাল মাধ্যমে টাকা দেয়। সেই লেনদেনের তথ্য এবং সিসিটিভি বিশ্লেষণ করে অভিযুক্তদের যাত্রাপথ ও ব্যবহৃত মোবাইল নম্বর শনাক্ত করতে সক্ষম হন তদন্তকারীরা। তদন্তে এই সূত্রকেই সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তদন্তকারী কর্মকর্তাদের দাবি, পুরো হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। হামলাকারীরা আগে থেকেই জানত চন্দ্রনাথ রথ গাড়ির কোন আসনে বসেছিলেন। সিটের প্রাথমিক তথ্যে জানা গেছে, অন্তত আটজন এই অপারেশনের সঙ্গে যুক্ত ছিল এবং স্থানীয় সহযোগীদের মাধ্যমে তারা লজিস্টিক সহায়তা পেয়েছিল। পরিকল্পনা অনুযায়ী প্রথমে আততায়ীরা গাড়িটিকে ওভারটেক করে গতিরোধ করে, তারপর খুব কাছ থেকে নির্ভুল নিশানায় গুলি চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *