বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : বর্তমানে ডিব্রুগড় সফরে থাকা মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বুধবার ডিব্রুগড়ে মরাণ ও মটক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের যাত্রায় প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব পরিচয়, ঐতিহ্য ও পরম্পরা রক্ষা করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকা প্রয়োজন।
ডিব্রুগড়ে মরাণ ও মটক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে পৃথক দুটি বৈঠকে মুখ্যমন্ত্রী উভয় সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং রাজ্যের উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের আরও সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন।

এদিন ছয়টি মরাণ সংগঠন ও পাঁচটি মটক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উভয় সম্প্রদায়ের সামাজিক, শিক্ষাগত, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি তাঁদের মূল সমস্যা, প্রত্যাশা ও দাবিদাওয়া সম্পর্কেও বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
আলোচনায় তফসিলি জনজাতির মর্যাদা প্রদানের দাবি, সংশ্লিষ্ট সম্প্রদায় পরিষদের নির্বাচন, শিক্ষার সুযোগ বৃদ্ধি, চিকিৎসা শিক্ষায় আসন, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন এবং সামগ্রিক কল্যাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসে।



