বিয়ের আসরেই মর্মান্তিক পরিণতি: মালা বদলের পরই মৃত্যু কনের, শোকস্তব্ধ গ্রাম

Spread the news

বরাক তরঙ্গ, ৪ মে : আনন্দ-উৎসবের আবহেই নেমে এল শোকের ছায়া। বিয়ের মণ্ডপে মালা বদলের কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হল কনে আয়েশা দেববর্মার। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে, যা ঘিরে চাঞ্চল্য ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

জানা গেছে, চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের পাগলী বাড়ি এলাকার বাসিন্দা তথা টিএসআরের কর্মী বুদ্ধ দেববর্মা তাঁর একমাত্র ছেলে খাপাং দেববর্মার বিয়ের উদ্দেশ্যে প্রায় শতাধিক আত্মীয়-স্বজন ও বরযাত্রী নিয়ে বাড়ি থেকে রওনা দেন। কনের বাড়ি ছিল চেলিখলা এলাকায়। বিয়ে উপলক্ষে দুই বাড়িতেই চলছিল আনন্দ-উৎসব, অতিথি আপ্যায়ন ও বিভিন্ন আচার-অনুষ্ঠান।

কিন্তু হঠাৎই সেই আনন্দ থমকে যায়। মালা বদলের পরই মণ্ডপে অজ্ঞান হয়ে পড়ে যান নববধূ। দ্রুত তাঁকে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, সোমবার দুপুরে রামনগরের পাগলী বাড়িতে বৌভাতের আয়োজন ছিল, যেখানে গোটা গ্রামকে নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু তার আগেই এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবার-পরিজন ও সমগ্র এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *