বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : রাস্তার নির্মাণকাজ শেষ হওয়ার আগেই পাথরবোঝাই দশ চাকার ভারী লরির অবাধ যাতায়াতে বেহাল হয়ে পড়েছে মিজোরাম সীমান্তবর্তী ধলাই সমজেলার কর্কটবস্তি এলাকার সড়ক। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে শনিবার স্থানীয় বাসিন্দারা লরির চলাচল বন্ধ করে তীব্র প্রতিবাদে সামিল হন। জানা গেছে, দীর্ঘ প্রায় এক যুগ ধরে ভাগা-শেরখান সড়কের দুরবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন এলাকাবাসী। সম্প্রতি নেপকোর উদ্যোগে সিসি ব্লক বসিয়ে চার মিটার প্রস্থের এই রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে, যা এখনও চলছে।

এলাকার গ্রুপ সদস্য সাবিল ইসলাম বড়ভূইয়া, ভিডিপি কর্মকর্তা ও অন্যান্য বাসিন্দারা অভিযোগ করেন, তিন দিন ধরে প্রায় চল্লিশ টন পাথরবোঝাই লরির যাতায়াতে সদ্য নির্মীয়মাণ রাস্তার একাধিক অংশ বসে গেছে। পাশাপাশি রাস্তার পাশের ঢালাইও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাঁদের আশঙ্কা, এইভাবে ভারী যান চলাচল অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই নতুন রাস্তা আবার আগের বেহাল অবস্থায় ফিরে যাবে। তাই অবিলম্বে রাস্তার বহনক্ষমতা অনুযায়ী যান চলাচলের দাবি জানান তাঁরা। অন্যথায় অতিরিক্ত বোঝাই লরির চলাচল আটকে দিতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয়রা।



