বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের আবহে মুখর হয়ে উঠল শিলচর। লায়ন্স ক্লাবের ভ্যালি ভিউ-র উদ্যোগে শনিবার মালুগ্রামের ডেভিডয়েল স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানের সূচনায় ক্লাবের সদস্যরা নববর্ষের তাৎপর্য তুলে ধরেন।
উদ্বোধনী ভাষণে ক্লাবের সঞ্জীব রায় বলেন, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রতীক। সমাজসেবার পাশাপাশি এই ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ঐতিহ্যকে জীবিত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে লায়ন্স ক্লাব।
অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে স্থানীয় শিল্পীরা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। উৎসবমুখর পরিবেশে দিনভর চলে নানা সাংস্কৃতিক কর্মসূচি। অনুষ্ঠানে বিশিষ্ট লেখক দীপক সেনগুপ্ত বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনাকে আরও জোরদার করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি এবং সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দনা ত্রিবেদী রায়, প্রশান্ত ভট্টাচার্য, পিঙ্কি সিং দাসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।



