১৭ এপ্রিল : দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে স্বস্তির খবর বিশ্ব অর্থনীতিতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ ‘হরমুজ প্রণালী’ আবারও সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিল ইরান। বৃহস্পতিবার ইজরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর শুক্রবার এই গুরুত্বপূর্ণ ঘোষণা করে তেহরান।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানান, লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষিতে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণভাবে চালু করা হয়েছে। তিনি বলেন, ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের নির্ধারিত রুট মেনেই জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে।
এদিকে, ইরানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ তিনি এই ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।



