বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : নিজ বাড়ির পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে বড়খলা থানার অধীন চান্দপুর চতুর্থ খণ্ডে। মৃত শিক্ষকের নাম নিলোৎপল নাথ (৪৮), স্থানীয়ভাবে শান্ত নামে পরিচিত। তিনি বিহাড়াবাজার এমভি স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।
জানা গেছে, সোমবার সকালে অন্যান্য দিনের মতোই নিলোৎপল নাথ স্কুলে যান। স্কুলের কাজ শেষে বাড়ি ফিরে বিকেল আড়াইটার দিকে ঘরের পাশের পুকুরে স্নান করতে যান। স্নানের সময় কোনওভাবে তিনি পুকুরের জলে তলিয়ে যান বলে পরিবারের সদস্যদের অনুমান।
এদিকে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। পুকুরঘাটে তাঁর একটি চপ্পল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয় তিনি হয়তো জলে তলিয়ে গেছেন। এরপর স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি শুরু করা হয়। কিছুক্ষণ পর জলের মধ্যে তাঁর সন্ধান মেলে। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ নিলোৎপল নাথের মরদেহ চান্দপুর চতুর্থ খণ্ডের বাড়িতে নিয়ে আসা হয়। পরে ধর্মীয় রীতিনীতি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



