আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : সোনাই শিক্ষা খণ্ডের অন্তর্গত আমজুরঘাট চাইকৈ সিংহ এমই স্কুলের নতুন পরিচালন সমিতি গঠিত হয়েছে। মঙ্গলবার নির্বাচিত ১৯ সদস্যদের উপস্থিতিতে স্কুল চত্বরে সভা ডাকা হয়। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যাম কিশোর সিংহের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালন কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন অমুসনা সিংহ, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রঞ্জিতা রানী দাস।
সভাপতির ভাষণে রাজ্য পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক শ্যাম কিশোর সিংহ বলেন, স্কুলের প্রধান শিক্ষক থাকা সময়ে অক্লান্ত পরিশ্রম আর অভিভাবকদের সহযোগিতায় স্কুলটি রাজ্যিক স্তরে সুনাম অর্জন করেছিল। এমনকি পরিকাঠামোর দিক থেকে স্কুলটি কাছাড় জেলার মধ্যে অন্যতম বলে দাবি করেন শ্যাম কিশোর। তিনি বলেন, অসংখ্য প্রাইভেট স্কুল গড়ে উঠেছে, যদিও চাইকৈ সিংহ মণিপুরি এমই স্কুলে শিক্ষার পরিবেশ টেক্কা দিয়ে ঐতিহ্যবাহী স্কুল হিসেবে গণ্য হয়। তাই স্কুলটির সুনাম অটুট রাখতে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। স্কুলের প্রয়োজনীয় বিভিন্ন সমস্যা সমাধানে জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা এগিয়ে আসার অনুরোধ জানান।
স্কুলের প্রধান শিক্ষক এন ধীরেন সিংহ বলেন, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার দিকে অভিভাবকরা তেমন গুরুত্ব দিচ্ছেন না। বাড়িতে ছেলে-মেয়েদের পড়াশোনার দিকে অভিভাবকরা গুরুত্ব দিলে শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টা সফল হবে আর স্কুলটির সুনাম অক্ষুণ্ণ থাকবে বলে অভিমত ব্যক্ত করেন। ছেলে-মেয়েদের পড়াশোনার গতি বিষয়ে স্কুলের সঙ্গে যোগাযোগ রাখতে অভিভাবকদের অনুরোধ জানান প্রধান শিক্ষক। সভায় নবনির্বাচিত সভাপতি অমুসনা সিংহ বলেন, স্কুলের সুনাম অর্জনে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকলে সফলতা নিশ্চিত বলে অভিমত ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় স্কুলের ছাত্রছাত্রীর আরও পরিষ্কার-পরিচ্ছন্নভাবে নিয়মিত উপস্থিত থাকার জন্য প্রধান শিক্ষক এন ধীরেন সিংহ অনুরোধ জানান।
মূলত শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক—তিন পক্ষের যৌথ চেষ্টায় সুশিক্ষা হয়। স্কুলের সুনাম যেন চিরদিন থাকে, তার জন্য করণীয় সম্বন্ধে সভাপতির ভাষণে শিক্ষকগণ ও অভিভাবকদের সুপরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশিষ্ট ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়ানোর জন্য অনুরোধ করেন ১৯ জনের কমিটির সভাপতি অমুসনা সিংহ। উপস্থিত সভ্য-সভাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তৎসঙ্গে সভাপতির গুরুদায়িত্ব পালন করে স্কুলের সর্বোন্নতির চেষ্টা করবেন বলে প্রতিজ্ঞা রাখেন। সভায় স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এইচ রনিতা দেবী, মনিথা সিং, সযেল দুবে, সেলিম উদ্দিন লস্কর প্রমুখ।



