রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : কাছাড় জেলায় পুলিশের তিনটি পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, হেরোইন, গাঁজা ও বার্মিজ সিগারেট উদ্ধার হয়েছে। অভিযানে মোট সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮ থেকে ৮.৫ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশকান্দি আউটপোস্টের অধীন উজান-তারাপুর এলাকায় তল্লাশির সময় একটি অল্টো গাড়ি থেকে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট, প্রায় ৯৩.৩ গ্রাম হেরোইন এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মাদক শনাক্তকরণ কিটের পরীক্ষায় উদ্ধার হওয়া ইয়াবা ও হেরোইনের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

অন্যদিকে, কাটিগড়া থানার নাকা তল্লাশিতে শিলচর থেকে কালাইনের দিকে যাওয়া একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি সাবান কেসে লুকিয়ে রাখা প্রায় ১২৪ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
এছাড়া, ধলাই থানার অধীন লাইলাপুর পুলিশ ফাঁড়ির পৃথক অভিযানে কামরুল ইসলাম মজুমদার ও মনির উদ্দিন লস্কর নামে দুই সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৮৬.৮১ গ্রাম হেরোইন, ৩৪১.৬ গ্রাম গাঁজা, ১,০৬০টি বার্মিজ সিগারেট এবং ১,৬২০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

তিনটি অভিযানে মোট ৮ হাজার ইয়াবা ট্যাবলেট, প্রায় ৩০৪ গ্রাম হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ হয়েছে। আটক সাতজনের বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবিত পদার্থ নিয়ন্ত্রণ (এনডিপিএস) আইনের অধীনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



