৩০ এপ্রিল : ফের চাপে কংগ্রেস নেতা পবন খেড়া। সদ্য প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর আগাম জামিন আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট আপাতত রায় স্থগিত রেখেছে। প্রসঙ্গত, পবন খেরা অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঞা শর্মার বিরুদ্ধে একাধিক বিদেশি পাসপোর্ট এবং অপ্রকাশিত সম্পত্তি থাকার অভিযোগ তুলেছিলেন। এই অভিযোগের জেরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর গ্রেফতার এড়াতে তিনি গৌহাটি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান, তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে খেড়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং আগাম জামিনের আবেদন করেন।
বৃহস্পতিবার মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। জানা গেছে, শুনানি শেষে সুপ্রিম কোর্ট আপাতত রায় স্থগিত রেখেছে।
খেড়ার পক্ষে সওয়াল করে সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, গ্রেফতারের কোনও যৌক্তিকতা নেই। তাঁর দাবি, খেরার দেশ ছেড়ে পালানোর সম্ভাবনা নেই, কারণ তাঁর কাছে সহজে পাসপোর্ট নেই। পাশাপাশি তিনি অভিযোগ করেন, খেরার বাড়িতে ৫০-৭০ জন পুলিশ পাঠানো হয়েছিল, যেন কোনও সন্ত্রাসবাদীকে খোঁজা হচ্ছে—যা নজিরবিহীন।
অন্যদিকে, অসম সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আবেদনের বিরোধিতা করে বলেন, খেড়া মুখ্যমন্ত্রীর স্ত্রীর পাসপোর্টের ভুয়া কপি ব্যবহার করেছেন এবং একাধিক দেশের নাগরিকত্ব নিয়ে মিথ্যা অভিযোগ তুলেছেন।
তিনি আরও বলেন, খেরার উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর স্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে এবং গ্রেফতার অপরিহার্য। নির্বাচনী প্রচারের সময় পাসপোর্ট সংক্রান্ত যে বক্তব্য দেওয়া হয়েছিল, তাতে ভুয়া নথির উল্লেখ ছিল এবং সংশ্লিষ্ট দেশগুলি থেকে সেই পাসপোর্ট ইস্যু করা হয়নি।



