হোলি ফ্লাওয়ার স্কুলে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষমা চাইল স্কুল কর্তৃপক্ষ

Spread the news

বরাক তরঙ্গ, ৯ মে : কাটিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হোলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনায় ক্ষমা প্রার্থনা করল স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের ওই ঘটনার পর শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করে স্কুল ম্যানেজমেন্ট কমিটি।

স্কুল পরিচালন সমিতির সম্পাদক মৃদুল নাগ বলেন, “এই ঘটনার দায় আমরা এড়াতে পারি না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সময় দায়িত্বে থাকা দুই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।” তিনি আরও জানান, মৃত শিশু সাকিবের পরিবারের পাশে স্কুল কর্তৃপক্ষ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, স্কুলের অধ্যক্ষ মিহির নাগ আবেগঘন কণ্ঠে বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। একজন মা তার সন্তানকে আমাদের উপর ভরসা করে স্কুলে পাঠিয়েছিলেন, কিন্তু সে আর জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারেনি। এই ঘটনার দায় আমরা অস্বীকার করতে পারি না।”

তিনি জানান, ঘটনার দিন একটি অভিভাবক সভা চলছিল। সেই ব্যস্ততার মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

অধ্যক্ষ আরও বলেন, “অভিভাবক ও স্থানীয় মানুষেরা আমাদের যে শাস্তি দেবেন, আমরা তা মাথা পেতে নেব। প্রয়োজনে যদি স্কুল বন্ধের সিদ্ধান্তও নেওয়া হয়, তাতেও আমরা প্রস্তুত।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে সমগ্র কাটিগড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *