বরাক তরঙ্গ, ১৪ জুন: শিলচর শহরের মেহেরপুর এলাকার একটি শিবমন্দিরে সংঘটিত চুরির ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে শিলচর পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল ঘুংগুর এলাকার বাসিন্দা আব্দুল বাসিত ওরফে কিয়াম (৩৭) এবং রংপুর শান্তিপাড়ার অভিজিৎ দাস ওরফে গান্ধী (২১)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেরপুর এলাকায় স্কুটিতে করে যাওয়ার সময় দু’জনকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা চারটি প্লাস, একটি শেকল, কয়েকটি রেঞ্চ, স্ক্রু-ড্রাইভার এবং দু’টি ভোজালি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।



