ছাগল বাঁচাতে গিয়ে পাহাড়ি স্রোতে প্রাণ হারালেন বৃদ্ধা

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ মে : হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম এলাকার টাঙ্গাপুরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। বাড়ির দু’টি ছাগলছানাকে বাঁচাতে গিয়ে পাহাড়ি জলের প্রবল স্রোতে তলিয়ে প্রাণ হারালেন নবীরুন বেগম নামে এক বৃদ্ধা।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার টানা ভারি বৃষ্টির জেরে এলাকায় হঠাৎ পাহাড়ি জলস্রোতের সৃষ্টি হয়। সেই সময় বাড়ির পাশেই দু’টি ছাগলছানা জলের স্রোতে আটকে পড়ে। তাদের উদ্ধার করতে গিয়ে আচমকাই স্রোতের তোড়ে ভেসে যান নবীরুন বেগম।

পরিবারের সদস্যরা জানান, নবীরুন বেগমকে বাঁচানোর চেষ্টা করেন তাঁর এক মেয়ে। তবে প্রবল স্রোতের কারণে শেষরক্ষা হয়নি। ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তল্লাশি শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ অনুসন্ধানের পর পাওয়ার গ্রিডের খুঁটির জালে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয় বৃদ্ধার নিথর দেহ।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে টানা বৃষ্টির মধ্যে নদী ও পাহাড়ি স্রোতের কাছাকাছি না যাওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *