বরাকের ক্রিকেটারদের পেশাদার সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য বরাক লেজেন্ডসের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জুলাই :
আসন্ন অসম প্রিমিয়ার লিগ (এপিএল)-এ অংশ নিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল শিলচরভিত্তিক নতুন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি বরাক লেজেন্ডস। সোমবার সন্ধ্যায় শিলচরের আম্বিকাপট্টিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফ্র্যাঞ্চাইজিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

সাংবাদিক সম্মেলনে ফ্র্যাঞ্চাইজির সিইও বিবেক পোদ্দার জানান, বরাক উপত্যকায় ক্রিকেটের প্রসার, স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা এবং তাদের জন্য পেশাদার সুযোগ তৈরি করাই দলের মূল লক্ষ্য। তিনি বলেন, গুয়াহাটির বর্ষাপাড়ায় অবস্থিত এসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এবারের এপিএলে মোট আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। তিনি জানান, এবারের প্লেয়ার নিলামে ৫০ লক্ষ টাকা ব্যয়ে ১৮ সদস্যের দল গঠন করেছে বরাক লেজেন্ডস। খেলোয়াড়দের চারটি বিভাগে ভাগ করে নিলাম অনুষ্ঠিত হয় এবং দলের অধিনায়ক হিসেবে ১২ লক্ষ টাকায় শিবশঙ্কর রায়কে দলে নেওয়া হয়েছে। পোদ্দারের কথায়, “আমরা একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল গঠনের চেষ্টা করেছি। শুধু টুর্নামেন্টে ভালো ফল করাই নয়, বরং বরাক উপত্যকার ক্রিকেটারদের জন্য দীর্ঘমেয়াদি উন্নয়নের পথ তৈরি করাই আমাদের উদ্দেশ্য।”

অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)-এর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, রাজ্যের ক্রিকেটারদের জন্য পেশাদার মঞ্চ গড়ে তুলতে এসিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বরাক লেজেন্ডসের পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ, আধুনিক পরিকাঠামো এবং আইপিএল মানের সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া এপিএলের ম্যাচগুলো জিওহটস্টার, স্টার স্পোর্টসসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে বলে জানানো হয়। এর ফলে ক্রিকেটাররা জাতীয় স্তরে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। আগামী মৌসুমে ফের নতুন করে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে বলেও জানান সিইও।

ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে শ্রীভূমি জেলার বদরপুরের বিশিষ্ট সঙ্গীতশিল্পী রথীজিৎ ভট্টাচার্যকে নিয়োগ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজির সদস্য সৌনক দত্ত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ম্যানেজার দীপঙ্কর আদিত্য, কোচ রাজকাপুর যাদব এবং নিরঞ্জন দাস অনুষ্ঠানে অংশ নেন। কোচ রাজকাপুর যাদব বলেন, “দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ। ক্রিকেটারদের সামর্থ্যের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আমরা ভালো ফলের ব্যাপারে আশাবাদী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *