মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : ভারতের ৮০তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে শ্রীভূমি জেলা প্রশাসন। সোমবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা-স্তরের প্রস্তুতি সভায় স্বাধীনতা দিবসের সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় জেলা আয়ুক্ত বলেন, স্বাধীনতা দিবস শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং দেশের স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম গুরুত্বপূর্ণ দিন। তাই প্রতিটি কর্মসূচি সুষ্ঠু, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে সব দপ্তরের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশ দেন তিনি।
বৈঠকে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মার্চ-পাস্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা, সরকারি ভবনে আলোকসজ্জা, পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য পরিষেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বিদ্যুৎ ও পানীয় জলের নিরবচ্ছিন্ন সরবরাহ, ট্রাফিক নিয়ন্ত্রণ, যানবাহন পার্কিং, ভিআইপি প্রোটোকল, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
জেলা আয়ুক্ত সংশ্লিষ্ট সব বিভাগকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি পুলিশ প্রশাসনকে নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা এবং দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করতে বলা হয়।
সভায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি বিভাগের ভূমিকা নিয়েও আলোচনা হয়। সময়ানুবর্তিতার সঙ্গে কর্মসূচি সম্পন্ন করা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে একাধিক সিদ্ধান্তও গৃহীত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভার সদস্য মিশনরঞ্জন দাস, প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস, প্রাক্তন বিধায়ক প্রণবকুমার নাথ, ভারপ্রাপ্ত জেলা উন্নয়ন কমিশনার এল খিংতে, অতিরিক্ত জেলা আয়ুক্ত নিলোৎপল পাঠক ও সপ্ততি এন্ডো, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব জ্যোতি কলিতা, সার্কল অফিসার বিকাশ ছেত্রীসহ প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী কয়েকদিন ধরে প্রস্তুতির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে। প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে দায়িত্ব বণ্টনও করা হয়েছে। প্রশাসনের আশা, সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে শ্রীভূমিতে স্বাধীনতা দিবস-২০২৬ মর্যাদা, শৃঙ্খলা ও দেশপ্রেমের আবহে উদযাপিত হবে।



