বরাক তরঙ্গ, ২২ মে : কালীগঞ্জের বাগবাড়ি গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রানা চক্রবর্তী (৪৭)। তিনি বানিয়ারগুল গ্রামের বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন। কাজের সূত্রে বাগবাড়ি গ্রামের ছেরাগি এলাকায় মায়ারানি সরকার নামে এক মহিলার সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করতেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, রানা চক্রবর্তী ও মায়ারানি সরকারের মধ্যে লিভ-ইন সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্কে প্রায়ই অশান্তি লেগেই থাকত বলে অভিযোগ। মৃতের স্ত্রীর দাবি, ঘটনার দিনও দু’জনের মধ্যে তীব্র বচসা হয়। সেই ঘটনার জেরেই রানার মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। বুধবার রাতে অসুস্থ অবস্থায় রানাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক কে জি হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ ফাঁড়ির পুলিশ হাসপাতালে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠানো হয়। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।



