২৯ নভেম্বর : এক মাসের ব্যবধানে বঙ্গোপসাগরে তিনটি ঘূর্ণিঝড় সৃষ্টির পর ফের নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। পরবর্তী সময়ে সেটি নিম্নচাপে পরিণত হয়ে শক্তি সঞ্চয় করলে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘কানি’। মালদ্বীপের দেওয়া এই নামটি আপাতত আলোচনায় রয়েছে।
আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে শেষ পর্যন্ত সেটি ঘূর্ণিঝড় ‘কানি’-তে রূপ নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আবহাওয়ার একাধিক মডেলের পূর্বাভাস অনুযায়ী, সমুদ্রের মধ্যেই শক্তি হারিয়ে ফেলতে পারে এই নিম্নচাপ।
আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণাবর্তটি শক্তিশালী হলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে এগোতে পারে। তবে আপাতত পশ্চিমবঙ্গ উপকূলে সরাসরি আছড়ে পড়ার কোনও আশঙ্কার কথা জানানো হয়নি।

এদিকে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে দু’দিন দক্ষিণবঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে সাময়িকভাবে কমবে শীতের আমেজ। কলকাতায় রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি থেকে বেড়ে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।
অন্যদিকে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি থেকে বেড়ে ২৮ থেকে ২৯ ডিগ্রির ঘরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে এই উষ্ণতার স্থায়িত্ব বেশিদিন হবে না বলেই পূর্বাভাস। আগামী ৩ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা কমতে শুরু করতে পারে। দিন ও রাতের পারদ ধীরে ধীরে নিম্নমুখী হবে। ৪ ডিসেম্বর থেকে রাজ্যের দক্ষিণাঞ্চলে ফের শীতের আমেজ ফিরে আসার সম্ভাবনা রয়েছে।



