২৯ নভেম্বর : বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দিল্লিতে ৪ জনের মৃত্যু। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে দিল্লির বিশ্বাসনগর এলাকায়। ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। প্রাথমিক ভাবে অনুমান, ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময়ে শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, দিল্লির শাহদারা জেলার বিশ্বাস নগরের ১১ নম্বর লেনে রবিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে। একটি বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। ভোর ৪টে ১৫ নাগাদ দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ভোর ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছয়।
পুলিশ জানিয়েছে, আগুনে পুড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে বলে। এ ছাড়াও, আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তাঁদের দু’জনের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাড়ির মধ্যে একটি ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। সেই চার্জিং পয়েন্টে শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। শাহদারার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।



