বিশিষ্ট বামনেতা তথা উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক নিশীথরঞ্জন দাসের জীবনাবসান

Spread the news

শুভ দাস, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক, বদরপুর নবীনচন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ তথা বিশিষ্ট বামনেতা নিশীথরঞ্জন দাস আর নেই। রবিবার সকাল সাড়ে ৭টায় নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর প্রয়াণে বরাক উপত্যকার রাজনৈতিক, সামাজিক ও শিক্ষামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণমুগ্ধকে রেখে গেছেন। তাঁর জ্যেষ্টপুত্র ডাঃ নবারুণ দাস, দ্বিতীয় ছেলে শিক্ষক নবেন্দু দাস ও কন্যা বিশিষ্ট নৃত্যশিক্ষিকা ড. মধুমিতা দাস ভট্টাচার্য। প্রয়াত নেতার ইচ্ছানুযায়ী চিকিৎসাশাস্ত্রের গবেষণার স্বার্থে তাঁর মরদেহ শিলচর মেডিক্যাল কলেজে দান করা হবে।

১৯৩৫ সালে করিমগঞ্জ জেলার জবাইনপুর গ্রামে জন্মগ্রহণ করেন নিশীথরঞ্জন দাস। তাঁর পিতা নরেন্দ্রকুমার দাস এবং মাতা সুহাসিনী দাস। ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

১৯৭৮ সালের সাধারণ নির্বাচনে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে রেকর্ড ভোটে উত্তর করিমগঞ্জ কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। তিনি সিপিআই(এম)-এর অসম রাজ্য কমিটির সদস্য এবং দীর্ঘদিন করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন।

১৯৫৪ সালে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করেন। বেসরকারি বিদ্যালয়গুলিকে সরকারিকরণের দাবিতে শিক্ষক আন্দোলনের সমর্থনে ছাত্র ধর্মঘটে অংশ নেওয়ায় ১৯৫৩ সালে প্রথমবার গ্রেপ্তার হন। করিমগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদে বিপুল ভোটে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পাশাপাশি দু’বার কলেজ পত্রিকার সম্পাদক এবং কলেজের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৬১ সালের ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ওই সময় ছাত্র-যুব সংগ্রাম পরিষদের সম্পাদক ছিলেন। ভাষা আন্দোলনের সময় নিবর্তনমূলক আটক আইনে গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ১৯৬২ সালের ২৭ নভেম্বর ভারত রক্ষা আইনে বিনা বিচারে তাঁকে গ্রেপ্তার করে ওড়িশার গঞ্জাম জেলার বেরহামপুর জেলে বন্দি রাখা হয়। ১৯৬১ সালে ভাষা সত্যাগ্রহীদের উপর গুলিবর্ষণের প্রতিবাদে তিনি বিএ পরীক্ষা বর্জন করেন।

১৯৬৩ সালে অসমে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র সংগঠন গড়ে তোলার উদ্যোগেও সক্রিয় ভূমিকা নেন তিনি। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের নিয়ে নানা প্রতিকূলতার মধ্যেও দলের প্রথম রাজ্য অভিবর্তন সফল করার কাজে উদ্যোগী হন। ১৯৭২ সালের ভাষা আন্দোলনের সময় মিসা আইনে গ্রেপ্তারের পরোয়ানা জারি হলে আন্দোলনের স্বার্থে আত্মগোপনে চলে যান। সরকারের সঙ্গে সংগ্রাম কমিটির চুক্তি সম্পাদিত না হওয়া পর্যন্ত তিনি আত্মগোপনে ছিলেন।

করিমগঞ্জ পুরসভার কমিশনার হিসেবেও নির্বাচিত হয়েছিলেন নিশীথরঞ্জন দাস। তাঁর বিশেষ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় করিমগঞ্জ নেতাজি মেলা। ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারির পর মিসা আইনে গ্রেপ্তার হয়ে বিনা বিচারে ১৮ মাস শিলচর ও গুয়াহাটি জেলে বন্দি থাকেন। ছাত্র, শ্রমিক, কৃষক, নানকার বিদ্রোহ, খাদ্য আন্দোলন, উদ্বাস্তু আন্দোলন, আইন অমান্য ও জেল ভরো আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে অংশগ্রহণের জন্য জীবনে বহুবার কারাবরণ করতে হয়েছে তাঁকে।

রাজনৈতিক জীবনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। কর্মজীবনের শুরুতে গুয়াহাটির রামকৃষ্ণ বিদ্যাভবনের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মেঘালয়ের সোহরা (চেরাপুঞ্জি) নিউ ইন্ডিয়া স্কুলের প্রধান শিক্ষক এবং মরিয়ানি কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। বদরপুর নবীনচন্দ্র কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি অন্যতম উদ্যোক্তা ছিলেন। কিছুদিন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দলীয় কাজে অধিক সময় দেওয়ার জন্য দলের নির্দেশে অধ্যক্ষের পদ ছেড়ে উপাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এরপর দলীয় কাজে আরও বেশি সময় দেওয়ার উদ্দেশ্যে উপাধ্যক্ষের পদ থেকেও সরে এসে বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

সাহিত্যচর্চাতেও তাঁর বিশেষ অবদান ছিল। সাহিত্যসেবার স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে অসম সরকারের শিক্ষা বিভাগের পক্ষ থেকে তাঁকে আজীবন সাহিত্যিক পেনশন প্রদান করা হয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে ‘স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী ধারায় অসমের কমিউনিস্ট পার্টি’, ‘বরাক উপত্যকার রক্তস্নাত বহমান ভাষা আন্দোলনের এক সৈনিকের ডায়েরি’ এবং ‘সম্প্রীতির শহিদের রক্তে রক্তাক্ত শান্তি মৈত্রীর শ্বেতশুভ্র কপোত’। উল্লেখযোগ্য বিষয়, নিজের বই বিক্রির অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে বিভিন্ন জনহিতকর কাজে দান করেছেন তিনি। একটি গ্রন্থের বিক্রয়লব্ধ অর্থ অসম রাজ্য সিপিআই(এম)-এর দপ্তর অচিন্ত্য ভবনের উন্নয়নে এবং অন্য একটি গ্রন্থের অর্থ করিমগঞ্জ রেডক্রসের হাতে তুলে দেন। এর ফলে সেখানে কেবিনে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়। তাঁর অন্যান্য গ্রন্থের বিক্রির অর্থও বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠানে দান করার কথা উল্লেখ করেছেন তিনি।

সাংবাদিকতা ও সম্পাদনার ক্ষেত্রেও যুক্ত ছিলেন নিশীথরঞ্জন দাস। ‘পথ নির্দেশ’ পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তাঁর সম্পাদিত ‘চাবুক’ পত্রিকা একসময় নিষিদ্ধ করা হয়। কৃষক, শ্রমিক, নানকার বিদ্রোহ, কর্মচারী, শিক্ষক ও ছাত্র আন্দোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁর লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

এক দীর্ঘ রাজনৈতিক, শিক্ষামূলক ও সাহিত্যিক জীবনের অবসানে নিশীথরঞ্জন দাসের প্রয়াণে বরাক উপত্যকা হারাল এক প্রবীণ বামপন্থী নেতা, নিষ্ঠাবান শিক্ষাবিদ ও সাহিত্যসেবীকে। তাঁর মরণোত্তর দেহদানও সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *