বরাক তরঙ্গ, ২৯ জুলাই : যোরহাট, শিবসাগর-সহ রাজ্যের বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলের মানুষের সহায়তায় এগিয়ে এসেছে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ, কাছাড় জেলা কমিটি।সংগঠনের উদ্যোগে বুধবার শিলচরের আশ্রম রোড এলাকায় এক বিশেষ ত্রাণ তহবিল সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস -সহ স্থানীয় কয়েকজন যুবক। তাঁরা দোকান থেকে দোকানে গিয়ে সাধারণ মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানান এবং ত্রাণ তহবিল সংগ্রহ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগৃহীত অর্থ আসামের বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও সহায়তা পাঠানোর কাজে ব্যয় করা হবে।
এদিন সংগঠনের সদস্যরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে বন্যাকবলিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মানবিক এই উদ্যোগে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।



