মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : প্রকৃতির রুদ্ররূপে ফের আতঙ্ক ছড়াল শ্রীভূমি জেলার লোয়াইরপোয়া এলাকায়। আচমকা টিলা ধসে মাটির নিচে চাপা পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো একটি ম্যাজিক ট্রাক। তবে সৌভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির চালকসহ দুই শ্রমিক। মঙ্গলবার দুপুরে সলগই চা বাগানের ৮ নম্বর ডিভিশনে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, লোয়াইরপোয়া ব্লকের ডেঙ্গারবন্দ গ্রামের বাসিন্দা আপ্তার উদ্দিন নিজের ব্যক্তিগত প্রয়োজনে মাটি সংগ্রহ করতে ম্যাজিক ট্রাক নিয়ে সলগই চা বাগানের ৮ নম্বর ডিভিশনে যান। সেখানে ট্রাকে মাটি বোঝাই করার কাজ চলাকালীন আচমকাই ওপরের টিলা থেকে বিপুল পরিমাণ মাটি ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই ধসের মাটিতে চাপা পড়ে যায় দাঁড়িয়ে থাকা ট্রাকটি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটির প্রায় ৮০ শতাংশ ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে যায়। প্রবল মাটির চাপে যানটি দুমড়ে-মুচড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান চালক ও দুই শ্রমিক। তাঁদের তৎপরতায় বড়সড় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।



