বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে মঙ্গলবার কাছাড় জেলার সোনাই এনজিএইচএস স্কুল প্রাঙ্গণে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন মেরা যুব ভারত (MY Bharat), কাছাড়ের উদ্যোগে এবং সোনাই ফুটবল অ্যাকাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই এনজিএইচএস স্কুলের অধ্যক্ষ মতাব উদ্দিন লস্কর, এমসি দাস কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর, অবসরপ্রাপ্ত জেলা ক্রীড়া আধিকারিক বদর উদ্দিন মজুমদার, কাজিদাহার হাই স্কুলের সহকারী শিক্ষক রাগিব হোসেন চৌধুরী, আমজুরঘাটের মকবুল আলি এমই স্কুলের সহকারী শিক্ষক রামিজ উদ্দিন লস্কর, সোনাই এনজিএইচএস স্কুলের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি রামকৃষ্ণ নাথ এবং এসএম আজিজি লস্কর।

অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি কমানোর ওপর জোর দেন তাঁরা। একটি নিরাপদ ও দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তুলতে যুবসমাজকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।




