বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : স্কুলপড়ুয়াদের দিয়ে সমবায় সমিতির নোটিশ বিলি করানোর অভিযোগকে কেন্দ্র করে উধারবন্দের গোঁসাইপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্কুল ছুটির পর গোঁসাইপুর নেহেরু এমভি স্কুলের কয়েকজন পড়ুয়ার হাতে রংপুর সমবায় সমিতির নোটিশ তুলে দেওয়া হয়। পরে পড়ুয়ারা বাড়ি বাড়ি গিয়ে সেই নোটিশ অভিভাবকদের হাতে পৌঁছে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে উধারবন্দ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গোঁসাইপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা সাইদুল ইসলাম বড়ভূইয়া ও মন্নান উদ্দিন বড়ভূইয়া। তাঁদের অভিযোগের তির বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইফতিকার আহমেদ লস্করের দিকে।
অভিভাবকদের প্রশ্ন, সমবায় সমিতির নোটিশ বিলির মতো কাজে স্কুলের অপ্রাপ্তবয়স্ক পড়ুয়াদের কেন ব্যবহার করা হলো? অভিযোগকারীদের বক্তব্য, সমিতির কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা থাকলে মাইকযোগে প্রচার, পঞ্চায়েত কার্যালয়ে নোটিশ টাঙানো অথবা সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে সভা করে তা জানানো যেত। কিন্তু স্কুল পড়ুয়াদের দিয়ে এভাবে নোটিশ বিলি করানো সমীচীন নয় বলে তাঁরা দাবি করেন।
ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। যদিও তাঁদের অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইফতিকার আহমেদ লস্করের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।



