দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ জুলাই : আন্তর্জাতিক মঞ্চে আবারও সাফল্যের স্বাক্ষর রাখল শিলচর যোগাসন সেন্টার। গত ২৮ জুন নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সেন্টারের ছাত্র-ছাত্রীরা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে মোট নয়টি পদক জয় করে শিলচরের মুখ উজ্জ্বল করেছে।
প্রতিযোগিতায় দীপ দাস প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন অনিকেত দাস, রাহুল মিশ্র ও শ্রেষ্ঠা ঘোষ। এছাড়া তৃতীয় স্থান লাভ করেন শুভজিত দাস, আরিয়েন মজুমদার, সৌরজিৎ ঘোষ, অভিজিত মজুমদার এবং সঙ্গীতা ঘোষ। এই উল্লেখযোগ্য সাফল্যকে শিলচর যোগাসন সেন্টারের জন্য অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেছেন দলের প্রধান ও প্রশিক্ষক বিপ্রাশীষ চক্রবর্তী।
বুধবার বিকেলে শিলচর রেলওয়ে স্টেশনে দেশে ফেরা বিজয়ী প্রতিযোগীদের উষ্ণ সংবর্ধনা জানায় শিলচর যোগাসন সেন্টার।
এদিন প্রশিক্ষক বিপ্রাশীষ চক্রবর্তী বলেন, “যোগাসন আজ বিশ্বজুড়ে সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম মাধ্যম। নিয়মিত যোগব্যায়াম চর্চার মাধ্যমে বহু রোগ-ব্যাধি থেকে দূরে থাকা সম্ভব। আমাদের ছাত্র-ছাত্রীরা আন্তর্জাতিক মঞ্চে অসাধারণ সাফল্য অর্জন করে দেশ, রাজ্য এবং শিলচরের নাম উজ্জ্বল করেছে। তাদের এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের সভাপতি সঞ্জীব দাম, উপ-সভাপতি মৃদুল কান্তি ভট্টাচার্য, গৌতম মিশ্র, উত্তমা মিশ্র, দেবযানি চক্রবর্তী, বৈশালী চক্রবর্তী, মান্না দাসসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বিজয়ীদের ফুল ও স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয় এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য শুভেচ্ছা ও উৎসাহ জানানো হয়।
শিলচর যোগাসন সেন্টারের এই আন্তর্জাতিক সাফল্যে শহরের যোগপ্রেমী ও ক্রীড়ামহলে উৎসাহের সঞ্চার হয়েছে। সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে আরও নিবিড় প্রশিক্ষণ ও উন্নত প্রস্তুতির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাবে।



