বাথরুম থেকে উদ্ধার দম্পতির নিথর দেহ, মিলল কীটনাশকের বোতল

Spread the news

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : বাথরুমের ভেতর থেকে উদ্ধার দম্পতির নিথর দেহ। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর স্ত্রীর এই চরম পদক্ষেপে গোটা এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কলাইগাঁওয়ের বেলতলীতে ঘটেছে।

জানা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক নরেন্দ্র শইকিয়া এবং তাঁর স্ত্রী দময়ন্তী শইকিয়াকে সকাল থেকে তাঁদের দুই ছেলে বারবার ফোন করছিলেন। কিন্তু কোনওভাবেই বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা। পরে উদ্বিগ্ন হয়ে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার অনুরোধ জানান।
প্রতিবেশীরা বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করেও তাঁদের কোথাও দেখতে পাননি। পরে বাথরুমের দরজা খুলতেই চোখে পড়ে দু’জনের নিথর দেহ। এই দৃশ্য এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি করে।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়। কলাইগাঁও থানার পুলিশ ও দণ্ডাধিকারী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দু’টি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। বাথরুম থেকে তিনটি বিষাক্ত কীটনাশকের বোতলও উদ্ধার করা হয়েছে।

এই ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
ছবি সৌজন্যে news18 assam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *