মান্দাকাটা ব্যাটালিয়ন শিবিরে চাঞ্চল্যকর ঘটনা, বন্ধ কক্ষে আত্মঘাতী মহিলা জওয়ান

Spread the news

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : মান্দাকাটা ব্যাটালিয়ন শিবিরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বন্ধ কক্ষের ভেতরে আত্মহত্যা করলেন জওয়ান অপর্ণা পণ্ডিত। বোকাজানের বাসিন্দা এই যুবতী অসম পুলিশের বীরাঙ্গনা বাহিনীতে কর্মরত ছিলেন। অসংখ্য স্বপ্ন নিয়ে পুলিশে যোগদান করা এই তরুণীর নিথর দেহ মঙ্গলবার নিজ গৃহে, বোকাজানে পৌঁছায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাদিন ব্যারাকে মোট পাঁচজন জওয়ান উপস্থিত ছিলেন। তবে তাঁদের মধ্যে তিনজন ডিউটিতে থাকায় অপর্ণা এবং আরেকজন জওয়ান ব্যারাকে ছিলেন। সহকর্মী জওয়ানটি ঘুমিয়ে পড়ার পরই ব্যারাকের ভেতরে থাকা একটি সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে চরম সিদ্ধান্ত নেন অপর্ণা।

পরে অন্য দুই জওয়ান ব্যারাকে ফিরে এসে অপর্ণার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে।
সংবাদমাধ্যমের সামনে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। এদিকে, অপর্ণা একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন বলে জানা গেছে, যা বর্তমানে বাইহাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে রয়েছে।

উচ্চপদস্থ পুলিশ কর্তৃপক্ষ শিবিরের জওয়ানদের এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বলে জানা গেছে। অন্যদিকে, পরিবারের পক্ষে এই মর্মান্তিক ঘটনাকে মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে।
জানা গেছে, ১৯ এপ্রিল পর্যন্ত অপর্ণা গুয়াহাটিতে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য নিজের বোনের সঙ্গে ছিলেন। মঙ্গলবার তার মরদেহ বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *