আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : সোনাইতে আনন্দ-উল্লাস, শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে বুধবার সম্পন্ন হলো দুর্গাপুজো। এদিন বিকেল ৩টা থেকে বিভিন্ন পুজো কমিটি প্রতিমা বিসর্জন পর্ব সম্পন্ন করার প্রস্তুতি শুরু করে। বিকেল ৪টা বাজতেই দুর্গাপ্রতিমা নিয়ে বিভিন্ন পুজো কমিটি সোনাই শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে নাচে-গানে মুখরিত করে তোলে গোটা এলাকা।
সন্ধ্যায় সোনাই শহরে অবস্থিত বিমলাংশু রায় স্মৃতি বিসর্জন ঘাটে একের পর এক তিনটি পুজো কমিটি দুর্গাপ্রতিমা বিসর্জন পর্ব সম্পন্ন করে। সন্ধ্যা ৬টা থেকে ধারাবাহিকভাবে বিসর্জন পর্ব সম্পন্ন করে বিভিন্ন পুজো কমিটি। তবে একমাত্র বিসর্জন পর্ব থেকে বিরত ছিল সোনাই শহরের কেন্দ্রবিন্দুতে থাকা উদীয়মান ক্লাব সার্বজনীন দুর্গাপুজো কমিটি। পুজো কমিটির সম্পাদক রাহুল দে জানিয়েছেন, তাঁরা শুক্রবার বিশাল জমায়েতের মধ্য দিয়ে দুর্গাপ্রতিমা বিসর্জন পর্ব সম্পন্ন করবেন।

এবারের দুর্গাপুজোয় পুলিশ প্রশাসন সক্রিয় থাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুজোর শুরু থেকে বিসর্জন পর্ব পর্যন্ত সতর্ক ছিল স্থানীয় প্রশাসন।
বিসর্জন পর্ব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিসর্জন ঘাটে উপস্থিত ছিলেন সোনাই সার্কল অফিসার দিবাকর দেব, বড়বাবু আব্দুল কুদ্দুস মজুমদার, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান সাহারুল শেখ, ওয়ার্ড কমিশনার শিবাশিষ রায়, বিজেপি সোনাই মাইনরিটি চেয়ারম্যান আতাবুর রহমান লস্কর, সোনাই এলএসি কো-অর্ডিনেটর ভজন সেন, বিশিষ্ট ব্যক্তি মনিলাল ধর, আবুসিদ্দিক প্রমুখ।
এদিকে, সোনাই বাজারে বিসর্জন পর্বে অংশ নেওয়া দর্শনার্থীদের মধ্যে পানীয় জল বিতরণ করেন বালাজি গ্যাস এজেন্সির স্বত্বাধিকারী রামেশ্বর শর্মা। তাঁকে সহযোগিতা করেন জমির উদ্দিন লস্কর।



